নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ বললেন সমাজকল্যাণ মন্ত্রী

২৮ আগস্ট ২০২৬ - ১৪:৫২ অপরাহ্ণ
 0
নারীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে দেশ বললেন সমাজকল্যাণ মন্ত্রী

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে: সমাজকল্যাণ মন্ত্রী

নারীদের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৮ আগস্ট) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক এবং মেয়েশিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে সেই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারী ও মেয়েশিক্ষার্থীদের এগিয়ে নিতে পারলে বদলে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ।

তিনি বলেন, সরকার মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছে। সরকারি অনুদানের অর্থ সবজি চাষ, বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করা হলে ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি সম্ভব।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, পরিবারের নারীদের স্বাবলম্বী করা গেলে পুরো পরিবারের স্বচ্ছলতা বাড়ে। এতে সন্তানদের পড়াশোনা, খাদ্য ও চিকিৎসার ব্যয় বহন করাও সহজ হয়।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই ভালো থাকবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ৬০ জন মেয়েশিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী।

এ ছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ব্যক্তি এবং ৬৪ জন আদিবাসীসহ ১৮টি মসজিদ ও ৬টি মন্দিরের উন্নয়ন কাজের জন্য প্রায় দেড় কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।