চেলসিতে এমি মার্তিনেজ! ৭.৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি
চেলসিতে যোগ দিচ্ছেন এমি মার্তিনেজ, ৭.৫ মিলিয়ন পাউন্ডে চুক্তি
অবশেষে নতুন গোলরক্ষক হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্তিনেজকে দলে ভেড়াতে সম্মত হয়েছে চেলসি। অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষককে সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।
৩৩ বছর বয়সী মার্তিনেজ শিগগিরই লন্ডনে এসে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন বলে জানা গেছে। চুক্তি সম্পন্ন হলে চেলসির গোলপোস্ট সামলাবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।
চেলসির বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট ছিল ক্লাব কর্তৃপক্ষ। বিশেষ করে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে তার দুটি বড় ভুলের পর নতুন গোলরক্ষক আনার সিদ্ধান্ত দ্রুত এগিয়ে নেয় চেলসি।
ওই ম্যাচে জশ কিংয়ের অপেক্ষাকৃত সহজ শট সানচেজের হাত ফসকে জালে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে বিপজ্জনক জায়গায় বল হারিয়ে গনসালো গার্সিয়াকে গোলের সুযোগও করে দেন তিনি।
এরই মধ্যে চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব পারমা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে জাপানের গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। ফলে মার্তিনেজকে ছেড়ে দিতে ভিলার পক্ষ থেকেও আপত্তি ছিল না।
এর আগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেও যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল মার্তিনেজের। তবে আঙুলের চোটের আশঙ্কায় শেষ পর্যন্ত সেই চুক্তি আর হয়নি। পরে টটেনহাম থেকে গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে নেয় জুভেন্টাস।
এবার চেলসির গোলপোস্টে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এমি মার্তিনেজ।