ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ

২ আগস্ট ২০২৫ - ১২:৩৯ অপরাহ্ণ
 0
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ

আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার (২ আগস্ট) একটি বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদলের শীর্ষ নেতারা। 

বিবৃতিতে বলা হয়, গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩রা আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা করি। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩রা আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও নিয়েছিলাম।

বিবৃতিতে আরও বলা হয়, এ দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে করার সিদ্ধান্ত নিই।

বিবৃতিতে ছাত্রদল বলেন, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এ গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।

বিবৃতিতে নেতারা নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে প্রত্যাশা করেন এবং একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে ছাত্রদল আরও অধিকতর সচেতন থাকবে বলে প্রতিশ্রুতি দেন।