নেপালে ভয়াবহ হড়পা বান নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো!

২৮ আগস্ট ২০২৬ - ১২:০৩ অপরাহ্ণ
 0
নেপালে ভয়াবহ হড়পা বান নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো!

নেপালে ভয়াবহ হড়পা বানে নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে। ভয়াবহ এই দুর্যোগে এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোটেকোশী নদীতে দেখা দেওয়া ভয়াবহ বন্যার পর থেকে এখন পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ। নদীর বিভিন্ন অংশ এবং নিম্নাঞ্চলে উদ্ধারকারী দলগুলো জীবিত ও মৃতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

বুধবার সকালে উত্তর নেপালের রসুয়া ও আশপাশের জেলাগুলোতে আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে প্রবল স্রোতের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ। ভয়াবহ এই স্রোতে ঘরবাড়ি, সেতু, সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার কারণে কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু পর্যটক ও ট্রেকারও দুর্গত এলাকায় আটকা পড়েছেন।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ১২৭ জন নেপালিসহ মোট ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারী এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে কাজ করছে পর্যটন বোর্ড, সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।

এদিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনী, নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছাতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি স্থলভাগে থাকা উদ্ধারকারী দল নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

তবে বিভিন্ন জেলা থেকে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের কাজ এখনও চলমান থাকায় এই ভয়াবহ দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।