কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত ৩৩১!
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৩৩১
পশ্চিম কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ইউএনজিআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পে এখনো ২৪০ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৪৪৯ জন। এছাড়া ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হিসেবে নিবন্ধিত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ২৭৩ জন, যা প্রায় ১ লাখ ৮৮ হাজার পরিবারের সমান। ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়েছে দেশটির ১৬টি বিভাগ ও ৪৯৪টি পৌরসভায়।
গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে, প্রায় ১১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এটি চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউএনজিআরডির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ২৭৫টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও ১ লাখ ৮৫ হাজার ৮৮৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ৩৭৬টি স্বাস্থ্যকেন্দ্র, ৩ হাজার ৮১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪ হাজার ৩৩৭টি কমিউনিটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪০টি সড়ক, ৭৪টি যানবাহন চলাচলের সেতু এবং ১৭টি পথচারী সেতু। পাশাপাশি পাঁচটি বিমানবন্দর ও ১১৯টি পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পে প্রাণী সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ১৪৯টি প্রাণী ক্ষতিগ্রস্ত এবং ২ হাজার ৯৪৯টি প্রাণী উদ্ধার করা হয়েছে।
তবে ইউএনজিআরডি জানিয়েছে, এসব পরিসংখ্যান এখনো প্রাথমিক। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন অব্যাহত থাকায় মৃত, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থা এখনো ক্ষয়ক্ষতির তথ্য যাচাই ও সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছে।