লাইভ চলাকালেই গুলি করে হত্যা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিজার গাস্তেলুমকে

৬ আগস্ট ২০২৬ - ১৫:০৭ অপরাহ্ণ
 0
লাইভ চলাকালেই গুলি করে হত্যা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিজার গাস্তেলুমকে

সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারের সময় মেক্সিকান কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুলাই সন্ধ্যায় মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানের ত্রেস রিওস এলাকার একটি রেস্টুরেন্টের বাইরে দুই বন্ধুর সঙ্গে ভিডিও ধারণ করছিলেন সিজার। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার সময় সিজার ও তার দুই বন্ধুর গায়ে ছিল উজ্জ্বল কমলা রঙের কোট এবং ব্যাগ, যা সাধারণত ডেলিভারিকর্মীরা ব্যবহার করে থাকেন। এ কারণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে তাকে একজন ডেলিভারিম্যান বলে মনে করেছিল। পরে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।

ঘটনার পরপরই পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা পুরো এলাকা ঘিরে ফেলেন। ঘটনাস্থল থেকে গুলির খোসা সংগ্রহ করা হয় এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তদন্তকারীরা এখনও নিশ্চিত হতে পারেননি, সিজার গাস্তেলুম এর আগে কোনো ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কি না।

বিবিসি জানায়, মেক্সিকোতে লাইভ সম্প্রচারের সময় কোনো ইনফ্লুয়েন্সারকে হত্যার ঘটনা নতুন নয়। গত বছর টিকটকে লাইভ চলাকালে ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকেও একটি বিউটি পার্লারের ভেতরে গুলি করে হত্যা করা হয়েছিল।

সিজার গাস্তেলুম সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণ, নাইটলাইফ ও বিলাসবহুল গাড়ি নিয়ে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করতেন। টিকটকে তার অনুসারী ছিল পাঁচ লাখেরও বেশি। কমেডি কনটেন্ট নির্মাতা হিসেবে তরুণদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।