এসি বিস্ফোরণে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ শিশুর
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার সময় নবজাতকদের রাখার কক্ষে মোট ১৬টি শিশু ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।
উদ্ধার অভিযানে ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর নবজাতকদের রাখা কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৪ নবজাতক ঘটনাস্থলেই পুরোপুরি দগ্ধ হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি দুর্ঘটনার সময় হাসপাতালের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের অগ্নিনিরাপত্তাব্যবস্থাও পরীক্ষা করবে।
ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্তের পরই আগুনের প্রকৃত কারণ এবং কারও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।