বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি পাল্টা ফায়ার বিজিবির
সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি—পাল্টা ফায়ার বিজিবির
কুষ্টিয়ার দৌলতপুরের জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে গুলিবর্ষণের ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগে।
ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় বিজিবির নিয়মিত টহলদল। সীমান্তের এপারে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করে সীমান্তরক্ষী বাহিনীটি।
তবে আহত ওই ব্যক্তির নাম-পরিচয়, কী কারণে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। একই সঙ্গে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।