নির্বাচনের পর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা! বড় বার্তা দিলেন ইইউ রাষ্ট্রদূত

২৫ আগস্ট ২০২৬ - ০৮:৫৮ পূর্বাহ্ণ
 0
নির্বাচনের পর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা! বড় বার্তা দিলেন ইইউ রাষ্ট্রদূত

নির্বাচনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করতে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ বা সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসাডর’ অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে ইইউর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। শুধু অনুদাননির্ভর সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে যৌথ অর্থায়ন, বেসরকারি খাতে বিনিয়োগ এবং চট্টগ্রাম বন্দরের উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় ইইউ।

এ সময় তিনি কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার পরামর্শ দেন। তার মতে, ঋণনির্ভরতা কিংবা নিয়ন্ত্রণের মাধ্যমে নয়, বরং বিশ্বাস, ন্যায্যতা ও পারস্পরিক সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ রাষ্ট্রদূত জানান, বর্তমানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১ বিলিয়ন ইউরোর বিভিন্ন চুক্তি, প্রকল্প ও অনুদান কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের পর মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা, বন্দর নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ এবং উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

তবে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাইকেল মিলার। এখনো রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না হওয়ায় গভীর উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ২০১৭ সালের পর থেকে বাংলাদেশকে ৫০ কোটি ইউরোর বেশি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ ও জীবনযাত্রার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইইউ।

নির্বাচনের পর বাংলাদেশের সামনে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে—এমন বার্তার মধ্য দিয়ে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিলেন ইইউ রাষ্ট্রদূত।