প্রিজন ভ্যানে মমতার ফেসবুক লাইভ গান গেয়েই প্রতিবাদ!

১০ অক্টোবর ২০২৬ - ১৬:৪৮ অপরাহ্ণ
 0
প্রিজন ভ্যানে মমতার ফেসবুক লাইভ গান গেয়েই প্রতিবাদ!

প্রিজন ভ্যানে বসেই ফেসবুক লাইভ, গান গেয়ে প্রতিবাদ মমতার

আটক হওয়ার পরও থামেনি প্রতিবাদ। দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে বসেই ফেসবুক লাইভ করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গাড়ির ভেতরে বসে একাধিক গান গেয়েও প্রতিবাদ জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। ভোটচুরির অভিযোগ তুলে সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাঁকে আটক করে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া বিক্ষোভ ও বেআইনি জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। এ সময় তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকেও প্রিজন ভ্যানে তোলা হয়। তাঁদের মধ্যে রয়েছেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম ও সাকেত গোখেল। একই দিনে কেরলের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করে দিল্লি পুলিশ।

আটক হওয়ার পর ফেসবুক লাইভে মমতা অভিযোগ করেন, ককরোচ জনতা পার্টির আমন্ত্রণে তাঁরা প্রথমে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে আন্দোলনকারীদের আটক করে। পরে নিজের বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসলে তাঁদের জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি।

মমতা আরও অভিযোগ করেন, আটকের পর তাঁদের নির্দিষ্ট কোনো স্থানে না নিয়ে প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন সড়কে প্রিজন ভ্যানে ঘোরানো হয়। এ সময় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ‘জাগো দুর্গা’ ও ‘আঁখো মে ভর লো পানি’সহ একাধিক গান গেয়ে প্রতিবাদ জানান তিনি।

এদিকে, আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির মধ্যাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় জারি রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা।