৫ বলে ৩ উইকেট! শরিফুলের তোপে চাপে অস্ট্রেলিয়া
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে দুর্দান্ত জবাব দিলেন শরিফুল ইসলাম। ম্যাকাই টেস্টে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন এই বাঁহাতি পেসার।
নিজের নবম ও দলের ৩২তম ওভারে মাত্র তিন বলের ব্যবধানে বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরিফুল। পরের ওভারেই তার শিকার মিচেল স্টার্ক।
সব মিলিয়ে মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় চাপে ফেলে দেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫১ রানে ৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে বাংলাদেশের ইনিংস মাত্র ৬৪ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বোলিং তোপে বাংলাদেশের ব্যাটাররা বড় কোনো প্রতিরোধ গড়তে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম।
তবে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করার পর বল হাতেও দারুণ শুরু করেন শরিফুল। অষ্টম ওভারে আক্রমণে এসেই দ্বিতীয় বলে ফেরান অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে। ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে ২২ রান করেন হেড।
এরপর আরেক দফা আঘাত আসে শরিফুলের হাত থেকেই। মার্নাস লাবুশেনকে মাত্র ৪ রানে বোল্ড করে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলেন তিনি।
এর আগে তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাট রেনশ। ৮ রান করে সাজঘরে ফেরেন এই অজি ওপেনার। ফলে ৪১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।
তবে এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। দুজনের জুটিতে ৭৭ রান যোগ হলে কিছুটা অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন শরিফুলই। স্মিথকে এলবিডব্লিউ করে গুরুত্বপূর্ণ এই জুটি ভেঙে দেন তিনি। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে সিদ্ধান্ত বহাল থাকে। ৬ চারে ৭৪ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন স্মিথ।
এরপর বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে দ্রুত ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে বড় ধস নামান শরিফুল।
মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পরও শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে নতুন করে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। একের পর এক উইকেট তুলে নিয়ে এখন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছেন এই টাইগার পেসার।