বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্পে ডা. জুবাইদা রহমান
গরিব ও অসহায় মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২২ আগস্ট) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে যান তিনি। এ সময় ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ডা. জুবাইদা রহমান।
পরিদর্শনের সময় তিনি সেবাগ্রহীতাদের চোখের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন। ক্যাম্পের পাঁচটি কক্ষ ঘুরে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।