দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

১৯ আগস্ট ২০২৬ - ০৯:২৪ পূর্বাহ্ণ
 0

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ।

স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হচ্ছে। বুধবার সকালে তার আইনজীবী ও স্বজনরা এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে মুন্সীগঞ্জে অবস্থান করছেন। 

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, দীপু মনি প্যারোলে মুক্তি পাবেন কি না, সেই সিদ্ধান্তের পরই তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের সময় এবং স্থান চূড়ান্ত করা হবে।

এর আগে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, বুধবার দুপুরের পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তবে এখন পর্যন্ত দীপু মনি প্যারোলে মুক্তি পেয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তার প্যারোলে মুক্তির আবেদন ও অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।