এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বড় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানিয়েছেন, চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সরকার শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
পে কমিশনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, কমিশনের অনেকগুলো দিক রয়েছে। সবগুলো বিষয় বিবেচনা করা হচ্ছে। এদিনের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আরও আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে আবারও বৈঠক হবে বলে জানান তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, এ বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে।
তবে নতুন পে-স্কেল কার্যকর হলে এর সঙ্গে মূল্যস্ফীতির বিষয়টি সরকার কীভাবে সামাল দেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। অর্থমন্ত্রী জানান, পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর এ বিষয়ে সরকারের পদ্ধতি ও সিদ্ধান্ত জানানো হবে।