সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালাচ্ছে: রিজভী
দেশে গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার বিভিন্ন সংকট মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন ও কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
অতীতের উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাকে ব্যর্থ করার জন্য নানা ধরনের চক্রান্ত হয়েছিল। বর্তমানেও একই ধরনের অপচেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।