ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার রাত থেকে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায়। এতে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জসহ বেশ কয়েকটি নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৫২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও স্বাভাবিক চলাচলও ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।