কাউকে নিয়ন্ত্রণ করব না, মুখও বন্ধ করব না তথ্যমন্ত্রীর বড় বার্তা

২৫ আগস্ট ২০২৬ - ০৯:৩১ পূর্বাহ্ণ
 0
কাউকে নিয়ন্ত্রণ করব না, মুখও বন্ধ করব না তথ্যমন্ত্রীর বড় বার্তা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সরকার কাউকে নিয়ন্ত্রণ করতে বা কারও মুখ বন্ধ করে দিতে চায় না। বরং সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, কাউকে বন্ধ করে দেওয়া বা থামিয়ে রাখার মতো কোনো মানসিকতা সরকারের নেই। গত ছয় মাসে সরকারের শীর্ষ পর্যায় থেকেও এ ধরনের কোনো নির্দেশনা বা মানসিকতার প্রকাশ দেখা যায়নি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে সমালোচনা শোনার মানসিকতার ঘাটতি দেখা গেছে। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে গত ছয় মাসে সমালোচনা বা ভিন্নমত দমনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আন্দালিভ রহমান পার্থ বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেখানে স্পষ্ট করে বলেছিলেন, সরকার কাউকে নিয়ন্ত্রণ করবে না এবং কারও মুখ বন্ধ করে দেবে না।

গণমাধ্যমকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম আছে বলেই সরকার আছে, আবার সরকার আছে বলেই গণমাধ্যমও কাজ করছে। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ সময় বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে কথা বলার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে তাদের প্রথম অনুরোধ ছিল—সরকারের মন্ত্রী ও অন্যান্য ব্যক্তির ছবি কীভাবে কম দেখানো যায়, সেটি যেন বিবেচনা করা হয়।

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়—তথ্যমন্ত্রীর বক্তব্যে এমনই বার্তা উঠে এসেছে।