জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল!
জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল, দুই যুবককে মারধরের অভিযোগ
রংপুরের পীরগঞ্জে ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে মেসার্স নূর ট্রেডার্স নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়ার সময় বিষয়টি স্থানীয় দুই যুবকের নজরে আসে।
এ সময় তারা মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর গত বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করে দেন। গোডাউনটি সিলগালা থাকায় সেখানে ঠিক কত বস্তা সরকারি চাল পাওয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স নূর ট্রেডার্সের মালিক আবদুল কাইয়ুম মিয়া। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক ইউপি সদস্য। তার ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা বলে জানা গেছে।
এ বিষয়ে গোডাউনের মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে।’
তবে সরকারি চাল কীভাবে তার ব্যক্তিমালিকানাধীন গোডাউনে গেল, সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছেন।
এদিকে সরকারি চাল মজুত ও দুই যুবককে মারধরের অভিযোগের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোডাউনে পাওয়া চাল সরকারি কি না, কীভাবে সেখানে গেল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।