‘মেসি আর্জেন্টিনার জন্য দুর্বলতাও’
আর্জেন্টিনার জার্সিতে এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে সামনে রেখে ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকারা নানা কৌশলগত পরামর্শ দিচ্ছেন ইংল্যান্ডকে।
ইংল্যান্ডের কিংবদন্তি ফরোয়ার্ড ওয়েইন রুনির মতে, মেসির অসাধারণ আক্রমণভাগের দক্ষতা যেমন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি, তেমনি রক্ষণে ফিরে না যাওয়ার প্রবণতা দলটির একটি দুর্বলতাও হতে পারে। রুনির বিশ্বাস, ইংল্যান্ড যদি বুদ্ধিমত্তার সঙ্গে এই দিকটি কাজে লাগাতে পারে, তাহলে তারা সুবিধা পেতে পারে। প্রতিবেদন এনডিটিভির।
বিবিসি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে রুনি বলেন, ‘রক্ষণে মেসি আর্জেন্টিনার জন্য কিছুটা দুর্বলতা হতে পারেন। তিনি সাধারণত ডিফেন্সে ফিরে আসেন না। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তিনি অসাধারণ কিছু করে দেখান, অনেকটা জুড বেলিংহামের মতো। মেসির সবচেয়ে বড় গুণ হলো তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। ম্যাচের নির্দিষ্ট মুহূর্তে তিনি জ্বলে ওঠেন এবং প্রায় সব সময়ই সঠিক সিদ্ধান্ত নেন। তাকে মার্ক করতে হলে সর্বোচ্চ মনোযোগ ও সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।’
রুনির মতে, বর্তমান ইংল্যান্ড দলে প্রযুক্তিগতভাবে দক্ষ খেলোয়াড়ের অভাব নেই। বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা জুড বেলিংহামকে সামনে রেখে ইংল্যান্ড আর্জেন্টিনাকে গতি ও শক্তিতে চাপে ফেলতে পারে।

তবে রুনির সাবেক সতীর্থ মাইকা রিচার্ডস সতর্ক করে বলেছেন, শুধুমাত্র দৌড় বা গতি দিয়ে মেসিকে থামানো সম্ভব নয়। কারণ, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে আলাদা করে তোলার বিরল ক্ষমতা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।
বিবিসির আলোচনায় রিচার্ডস বলেন, ‘ইংল্যান্ড হয়তো আর্জেন্টিনার চেয়ে বেশি দৌড়াতে পারবে। কিন্তু তাদের দলে আছে সেই এক অসাধারণ প্রতিভা; লিওনেল মেসি। পুরো দল যেন তাকে ঘিরেই খেলে। তাই এই ম্যাচ নিয়ে সবারই সতর্ক হওয়ার কারণও আছে।’
মেসিকে মার্ক করা কতটা কঠিন, সেটিও ব্যাখ্যা করেন রিচার্ডস। তিনি বলেন,‘মেসিকে মার্ক করা প্রায় অসম্ভব। কারণ তিনি রক্ষণে খুব বেশি নামেন না। বরং এমন সব ছোট ছোট জায়গায় চলে যান, যেখানে তাকে খুঁজে পাওয়া কঠিন। সঠিক সময়েই তিনি হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। তার টেকনিক, মাঠের অবস্থান বোঝার ক্ষমতা (স্পেশাল অ্যাওয়ারনেস) এবং শট নেয়ার দক্ষতা অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জুড বেলিংহামের মতো তারও অসাধারণ ব্যক্তিত্ব ও উপস্থিতি আছে। তবে মেসির সেই 'অরা' অন্য সবার চেয়ে এক ধাপ এগিয়ে। তাই ম্যাচটি নিঃসন্দেহে দারুণ উপভোগ্য হতে যাচ্ছে।’