ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে লড়াইয়ের ঘোষণা ইশরাক হোসেনের

২৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১৬:৫৫ অপরাহ্ণ
 0
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে লড়াইয়ের ঘোষণা ইশরাক হোসেনের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন অত্যন্ত সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর তিনি বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হয়েছিলেন ইশরাক। তবে ওই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৭ মার্চ অন্তর্বর্তী সরকার শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে। ওইদিনই নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেনকে প্রকৃত বিজয়ী ঘোষণা করে রায় দেন।

পরবর্তীতে ওই বছরের ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও, পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে শপথ পড়ানো সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। ফলে আদালতের রায়ে বৈধ মেয়র ঘোষিত হওয়া সত্ত্বেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিতে পারেননি। তবে গত বছরের ১৭ জুন নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ‘মেয়র’ হিসেবেই প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন।