সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপোষ নয়: কামাল হোসেন

২৩ ফেব্রুয়ারি ২০২৬ - ১৭:০১ অপরাহ্ণ
 0
সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপোষ নয়: কামাল হোসেন

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপোষ নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় নয়। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ওয়ারী জোনের ডিসি অফিসে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে অনুষ্ঠিত পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

চাঁদা না দেয়ার কারণে যাত্রাবাড়ীতে লেগুনা চালক নুরে আলম খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে উপস্থিত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করতে হবে।     

কামাল হোসেন বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকায় ভোটার ছাড়াও অনেক মানুষ বসবাস করেন। কে আমাকে ভোট দিয়েছে বা কে আমাকে দেয় নাই, কে এই এলাকার ভোটার আর কে এই এলাকার ভোটার না এটা বিবেচ্য বিষয় নয়। এখানে যারা বসবাস করে নাগরিক হিসেবে প্রত্যেকের সুরক্ষা দেয়া, তাদেরকে আইনী সাপোর্ট দেয়া, তাদের জান মালের নিরাপত্তা দেয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। নির্বাচিত হওয়ার পর আমি কোনো নির্দিষ্ট দলের নয়, আমি ঢাকা-৫ সংসদীয় এলাকার প্রতিটি মানুষের।  

তিনি আরও বলেন, আমরা জনগণকে যেই কমিটমেন্ট দিয়ে এসেছি সে কমিটমেন্ট থেকে এক বিন্দুও নড়ব না। আমার জীবনের উপর যদি হুমকি আসে আমি পরোয়া করি না। আমার জীবনের নিরাপত্তা দিবেন একমাত্র আল্লাহ সুবহানুতায়ালা। আমি সাড়ে পনের বছরে ৯ বার এরেস্ট হয়েছি, আমি কতবার রিমান্ডে এসেছি আমার মনে নাই, আমি প্রায় তিন বছরের মতো জেল খেটেছি। আমার নামে বা আমার দলের নামে বা অন্য কোন দলের নামে যিনি বা যারা কোন অপরাধ করবে তার কোন ছাড় নেই। কোন অপরাধীর জন্য দলের পরিচয় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সবার জন্য আইন সমান। ব্যক্তি বা দলের পরিচয় নয় অপরাধ করলে আইনের আওতায় আসতেই হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মোঃ মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মোঃ রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মোঃ আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোন সহকারী পরিচালক শাহজাহান খান, ডেমরা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ক লুতফর রহমান,  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এড. এ কে আজাদ, মিজানুর রহমান মালেক, মির্জা হেলাল, রাসেল মাহমুদ, মোঃ তমিজ উদ্দিন সোহরাওয়ার্দি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জুবায়ের আল মাহমুদ, আব্দুর রহমান প্রমুখ।