এশিয়ান আর্চারির নতুন সভাপতি বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার নতুন সভাপতি হিসেবে।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী প্রার্থী থমাস হান, যিনি সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক এবং হুন্দাই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট।
নির্বাচনে চপল ২৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন, যেখানে থমাস হান পান মাত্র ৯ ভোট। ফলাফল ঘোষণার পরপরই ইন্টারকন্টিনেন্টাল হলে আনন্দ ও হাততালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
উল্লেখ্য, বর্তমান সভাপতি চুং এবারের নির্বাচনে প্রার্থী হননি; তবে তিনি অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন।
এর আগে কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল পরপর দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও, আজকের নির্বাচনে বাংলাদেশের আরও দুটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভির আহমেদ নির্বাচিত হয়েছেন এশিয়া প্যারা আর্চারির সভাপতি হিসেবে, আর আর্চারি কোচ নূরে আলম নির্বাচিত হয়েছেন এশিয়ান আর্চারির কোচেস কমিটির সদস্য পদে।
এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।