গণপরিবহনের ভাড়া কত বাড়বে নির্ধারণ হবে আজ

২৩ এপ্রিল ২০২৬ - ০৬:১২ পূর্বাহ্ণ
 0
গণপরিবহনের ভাড়া কত বাড়বে নির্ধারণ হবে আজ

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের গণপরিবহনের ভাড়া বাড়তে পারে—এমন একটি সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আসতে পারে। এ বিষয়ে গতকাল সচিবালয়ে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি, তবুও দেশের বিভিন্ন জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও এ নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছে।

এদিকে, সরকারিভাবে নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত বৈঠকে এই হার কিছুটা কমবেশি হতে পারে।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা, আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে তা ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

পরিবহন মালিকদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। তাই খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ভাড়া সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

সম্প্রতি জ্বালানি তেলের নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। পাশাপাশি অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের বৈঠকে ভাড়া চূড়ান্ত হলে, নতুন হার কবে থেকে কার্যকর হবে—সে বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।