যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে সামরিক শক্তি দেখাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ঠিক আগে সামরিক শক্তির প্রদর্শন করেছে ইরান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশাহর-৪’ প্রকাশ্যে এনেছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
আল জাজিরা জানায়, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কয়েক ঘণ্টা আগেই এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উদ্বোধনের সময় ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেন।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, খোররামশাহর-৪ ইরানের অন্যতম উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার, এবং এটি প্রায় ১ হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম।
এদিকে, কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার সকালে ওমানের রাজধানী মাসকটে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার।
আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনায় অংশ নেওয়া মানে সামরিক প্রস্তুতি থেকে সরে আসা নয়। তিনি বলেন,
‘আমরা যুদ্ধ চাই না। তবে প্রতিপক্ষ যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।’