রাঙামাটি-খাগড়াছড়িতে সড়ক অবরোধ বন্ধ বাস চলাচল

২৪ অক্টোবর ২০২৬ - ১০:০৮ পূর্বাহ্ণ
 0
রাঙামাটি-খাগড়াছড়িতে সড়ক অবরোধ বন্ধ বাস চলাচল

রাঙামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ চলছে

সাজেকে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং সেখানে হামলার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। শনিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাঙামাটি থেকে খাগড়াছড়িগামী গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

অবরোধ চলাকালে রাঙামাটি শহরের মানিকছড়ি ও কুতুকছড়ি সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেন আন্দোলনকারীরা। কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। তবে শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল ও নৌপথে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, অবরোধ ঘিরে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, রোগীবাহী যানবাহন ও জরুরি ওষুধ সরবরাহকারী পরিবহনসহ সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

এদিকে, তিন দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধও তৃতীয় দিনের মতো চলছে। সাজেক ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।