ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে এরদোগানের সঙ্গে ৬ দেশের বৈঠক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে এরদোগানের সঙ্গে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকট নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, মিসর, জার্মানি, ফ্রান্স ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এর আগে ‘আর ফোর প্লাস ই থ্রি’ কাঠামোর আওতায় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করেন।
বৈঠকে ইরান যুদ্ধের পরিস্থিতি, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা হয়।
এসব সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন তারা।