৯ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে!
৯ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ের মাঝপথ কাওরাইদে সুতিয়া নদীর ওপর প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হচ্ছে মই বেয়ে। সংযোগ সড়ক না থাকায় মাটি ফেলে উঁচু করা ঢাল বেয়ে সেতুতে উঠছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মূল সেতুর কাজ শেষ হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। সংযোগ সড়ক থেকে সেতুর উচ্চতা প্রায় ১৫ ফুট হওয়ায় সামান্য বৃষ্টিতেই ঢাল পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করেন। বাধ্য হয়ে মাটি ও মই ব্যবহার করে সেতুতে উঠতে হচ্ছে তাদের। বিকল্প হিসেবে রেলওয়ে সেতু ব্যবহার করলেও সেখান দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ না থাকলেও সীমাবদ্ধতার মধ্যে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। জমি অধিগ্রহণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।