ঢাকার বাইরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল সর্বোচ্চ মৃত্যু খুলনায়!

২৯ আগস্ট ২০২৬ - ০৬:৪৭ পূর্বাহ্ণ
 0
ঢাকার বাইরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল সর্বোচ্চ মৃত্যু খুলনায়!

ঢাকার বাইরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু খুলনায়, সেপ্টেম্বরে বাড়তে পারে ঝুঁকি

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। এ সময়ে মারা গেছেন ৮৮ জন। রাজধানীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি হলেও ঢাকার বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন। দেশের মোট ডেঙ্গু মৃত্যুর প্রায় ১৯ শতাংশই খুলনা বিভাগে। এ সময়ে বিভাগটিতে পাঁচ হাজারের বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

খুলনার পর ঢাকার বাইরে ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল ও ময়মনসিংহ বিভাগ। দুই বিভাগেই মারা গেছেন আটজন করে। বরিশালে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪৪৯ জন। আর ময়মনসিংহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে চারজন এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু ঢাকাকেন্দ্রিক রোগ নয়। দেশের বিভিন্ন অঞ্চলে সংক্রমণ ও মৃত্যুর কেন্দ্র পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ বছর ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি বেশি দেখা যাচ্ছে।

আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, বর্ষার শেষভাগে এডিস মশার প্রজনন বাড়ে। ফলে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই শুধু হাসপাতালে চিকিৎসার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং দ্রুত রোগী শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থা জোরদার করা জরুরি।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৮০ জন। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬১৭ জন, খুলনায় ৫৭৫, বরিশালে ৩৫৬, ময়মনসিংহে ১৭৯, চট্টগ্রামে ১৬৩, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৩০ এবং সিলেটে সাতজন চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩২ হাজার ৫৯০ জনের মধ্যে ৩০ হাজার ৪২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন