প্রতিরক্ষা ছাড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পোল্যান্ড

২২ অক্টোবর ২০২৬ - ০৭:৫৩ পূর্বাহ্ণ
 0
প্রতিরক্ষা ছাড়িয়ে ভারতের সঙ্গে  সম্পর্ক বাড়াতে চায় পোল্যান্ড

প্রতিরক্ষা ছাড়িয়ে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় পোল্যান্ড

প্রতিরক্ষা খাতের পাশাপাশি প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ, পরিচ্ছন্ন জ্বালানি ও গবেষণায় ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পোল্যান্ড। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং নিজস্ব শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করাই দেশটির অন্যতম লক্ষ্য।

পোল্যান্ডের অর্থমন্ত্রী আন্দ্রেই দোমানস্কি জানিয়েছেন, ভারতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগকে বাস্তব বাণিজ্যিক চুক্তি ও বিনিয়োগে রূপ দিতে চায় ওয়ারশ। প্রতিরক্ষা, গবেষণা, প্রযুক্তি ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতার বড় সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতীয় কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণেও সহায়তা করতে পারে পোল্যান্ড।

ইউক্রেন যুদ্ধের পর প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড। তবে এই অর্থ যেন শুধু বিদেশ থেকে সামরিক সরঞ্জাম কেনায় সীমাবদ্ধ না থাকে, বরং দেশের কর্মসংস্থান, গবেষণা ও স্থানীয় শিল্পের বিকাশে কাজে লাগে, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের সম্ভাবনাও দেখছে দেশটি। পোল্যান্ডের ডব্লিউবি গ্রুপের চালকবিহীন প্রযুক্তি ইতোমধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী ব্যবহার করেছে।

জ্বালানি খাতেও ভারতীয় বিনিয়োগ প্রত্যাশা করছে পোল্যান্ড। বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ও জ্বালানি সংরক্ষণব্যবস্থায় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির। এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় বিদেশি বিনিয়োগকে গুরুত্বপূর্ণ মনে করছে ওয়ারশ।

এদিকে পোল্যান্ডের অর্থনীতি নিয়েও আশাবাদী দেশটির অর্থমন্ত্রী। ভোক্তাদের চাহিদা, মজুরি বৃদ্ধি, বিনিয়োগ এবং ইউরোজোনের উন্নত পরিস্থিতির কারণে আগামী প্রান্তিকগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশের বেশি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের প্রভাব পোল্যান্ডের নিরাপত্তা ও অর্থনৈতিক নীতিতেও পড়ছে। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন দোমানস্কি। যুদ্ধ-পরবর্তী ইউক্রেন পুনর্গঠনেও পোল্যান্ডের ভৌগোলিক অবস্থান ও সরবরাহব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগও নিচ্ছে দেশটি।

সব মিলিয়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা ও দেশীয় শিল্পের বিকাশে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে পোল্যান্ড। দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে বাস্তব বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতায় রূপ দেওয়াই এখন দেশটির অন্যতম লক্ষ্য।