নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ অক্টোবর ২০২৬ - ০৭:৫৭ পূর্বাহ্ণ
 0
নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী  তারেক রহমান

নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার দাকোপ উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ নলিয়ান থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নলিয়ানে পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নদীভাঙন, সুপেয় পানির সংকট ও যোগাযোগব্যবস্থার দুরবস্থায় ভোগান্তিতে থাকা এলাকাবাসীর মধ্যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

সকাল ১০টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি। সকাল ১০টা ৪৮ মিনিটে সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় নলিয়ান বাজারে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সফর উপলক্ষে নলিয়ান ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, সকালে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ানে যান প্রধানমন্ত্রী। মোংলায় পৌঁছে সভায় অংশ নেওয়ার পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

এ ছাড়া সুন্দরবন এলাকায় সম্ভাব্য ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের স্থান পরিদর্শন নিয়েও আলোচনা রয়েছে। মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের সম্ভাবনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি নদীভাঙন রোধ, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, উন্নত যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন নলিয়ানবাসী। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুর্গম উপকূলীয় এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা তাঁদের।