পাকিস্তানে ৩ জনে ১ জন মানসিক রোগী
পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন মানসিক সমস্যায় আক্রান্ত
পাকিস্তানে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। দেশটির প্রথম জাতীয় পর্যায়ের মানসিক স্বাস্থ্য জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। গবেষণায় দেখা গেছে, পাকিস্তানের প্রাপ্তবয়স্কদের ৩২ শতাংশ বর্তমানে মানসিক ও আচরণগত সমস্যায় আক্রান্ত। আর জীবনের কোনো না কোনো সময়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন ৩৮ শতাংশ মানুষ। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের চারটি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। করাচির হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজা-উর-রহমানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় আরও দেখা গেছে, প্রতি পাঁচজনের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন। এ ছাড়া ১০ শতাংশের বেশি মানুষের মধ্যে তীব্র বিষণ্নতা এবং ৬ শতাংশের মধ্যে গত এক মাসে আত্মহত্যার চিন্তার প্রবণতা পাওয়া গেছে। বয়স্ক, স্বল্প আয়ের, কম শিক্ষিত ও বেকার মানুষ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিরা মানসিক স্বাস্থ্যঝুঁকিতে বেশি রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের সংকট ও সীমিত স্বাস্থ্যসেবার কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এ সংকট মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক চিকিৎসা যুক্ত করা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং মানসিক রোগ নিয়ে সামাজিক কুসংস্কার দূর করার ওপর জোর দিয়েছেন গবেষকরা।
থাম্বনেইল টাইটেল: