প্রাথমিকে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার বৈষম্য রুখতে নতুন উদ্যোগ

১৮ অক্টোবর ২০২৬ - ০৫:১৪ পূর্বাহ্ণ
 0
প্রাথমিকে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার বৈষম্য রুখতে নতুন উদ্যোগ

বৈষম্য রুখতে প্রাথমিকে অভিন্ন পোশাক ও দুপুরের খাবার চালু: আব্দুল বারী
প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সমতা প্রতিষ্ঠা ও বৈষম্যবিরোধী মানসিকতা গড়ে তুলতে অভিন্ন পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমানে ৪৭টি বিয়াম প্রতিষ্ঠানের পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও এসব প্রতিষ্ঠান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থায় উদ্ভাবনী ও কর্মমুখী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, লেখাপড়ায় মনোযোগ এবং মোবাইল ফোনের ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক আচরণ করতে হবে। নারীশিক্ষার অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে নেওয়া অবৈতনিক নারীশিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির ফলে প্রশাসন, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করছেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি বেতন-ভাতা বৃদ্ধি, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ানো এবং কর্মমুখী শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।