লালনের দর্শনে বৈষম্যহীন সমাজ বললেন মীর হেলাল

১৮ অক্টোবর ২০২৬ - ০৫:১০ পূর্বাহ্ণ
 0
লালনের দর্শনে বৈষম্যহীন সমাজ বললেন মীর হেলাল

লালনের দর্শন বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের শিক্ষা দেয়: মীর হেলাল
ধর্ম, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন লালন সাঁই। তাঁর মানবতাবাদী দর্শন ধারণ করতে পারলে সমাজ থেকে বৈষম্য দূর করে সাম্য ও মানবিক সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁইকে শুধু গীতিকার বা শিল্পী হিসেবে দেখলে তাঁর প্রতি অবিচার করা হবে। তিনি ছিলেন বাংলার মানবতাবাদী দর্শনের অন্যতম প্রতীক। তাঁর গান ও দর্শন মানুষকে মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ধর্ম, বর্ণ ও গোত্রের পার্থক্য ভুলে প্রত্যেক মানুষকে মর্যাদা দেওয়া এবং সবার সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। মীর হেলাল আরও বলেন, লালনের দর্শনে থাকা সাম্য ও ঐক্যের চেতনা রাজনৈতিক ও সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ‘বাংলাদেশি’ পরিচয়ের মাধ্যমে ধর্ম, বর্ণ ও সংস্কৃতির ভিন্নতা বজায় রেখে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রশাসন, পুলিশ ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।