হামে আক্রান্ত হয়ে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ১৪ অক্টোবর দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাধিকা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাধিকার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, প্রায় ২০ দিন আগে রাধিকা অসুস্থ হয়েছিল। পরে সুস্থ হয়ে সে বোনের বাড়িতে বেড়াতে যায়। এরপর হামে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী ছিল রাধিকা। তার অকালমৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত।