সড়কে দুর্ঘটনা এড়াতে সতর্কতা চালকদের ১০ পরামর্শ পুলিশের
মোটরসাইকেল ও গাড়ি চালনায় সতর্ক থাকার আহ্বান পুলিশের
সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেলে চালক ও আরোহী—দুজনকেই হেলমেট ব্যবহার করতে হবে। পাশাপাশি চালকসহ আরোহীর সংখ্যা দুজনের বেশি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও অপ্রয়োজনে হর্ন বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি লেন পরিবর্তন বা টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ। একই সঙ্গে অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকের ভুলে মেজাজ হারিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি না চালানোরও আহ্বান জানানো হয়েছে। মাদক সেবন, নিদ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো এবং উল্টো পথে চলাচল থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
মহাসড়কে অপ্রয়োজনীয় ওভারটেকিং এড়িয়ে নির্ধারিত লেনে চলাচল এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ। সড়কে চালক ও পথচারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ও দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।