২ লাখ ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র! ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত

২৫ আগস্ট ২০২৬ - ১১:১২ পূর্বাহ্ণ
 0
২ লাখ ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র! ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে প্রবেশের পর রাজনৈতিক বা অন্য কোনো ধরনের আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে।

পরিকল্পনাটি কার্যকর হলে একসঙ্গে এত বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হতে পারে। তবে সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।

এপির হাতে আসা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথি এবং দুই কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রায় ২ লাখ বিদেশি নাগরিককে এই পরিকল্পনার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনাটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট বলেছেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন। পরে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন। এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে ভিসা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ঠিক কতজনের ভিসা শেষ পর্যন্ত বাতিল করা হবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি। কারণ পুরো প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য বি-১ ভিসা দেওয়া হয়। আর পর্যটন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা কিংবা চিকিৎসার মতো উদ্দেশ্যে দেওয়া হয় বি-২ ভিসা।

তবে ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই দুই ধরনের ভিসায় কতজন বিদেশি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং তাদের মধ্যে কতজন পরে আশ্রয়ের আবেদন করেছেন, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি।

ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে ভিসা ও আশ্রয়প্রক্রিয়া নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।