চুয়েটের ভিসি ২৪ ঘণ্টা অবরুদ্ধ তালা দিয়ে শিক্ষার্থীদের শাটডাউন

১৩ অক্টোবর ২০২৬ - ০৮:৩৮ পূর্বাহ্ণ
 0
চুয়েটের ভিসি ২৪ ঘণ্টা অবরুদ্ধ তালা দিয়ে শিক্ষার্থীদের শাটডাউন

চুয়েটের ভিসি ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ, চলছে কমপ্লিট শাটডাউন! চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম নিজ কার্যালয়ে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
নিয়োগের ২১ দিন পর সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে উপাচার্যসহ ভেতরে থাকা আরও কয়েকজন আটকা পড়েন।
এদিকে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপাচার্যের সঙ্গে অবরুদ্ধ থাকা ইঞ্জিনিয়ার শাহরিয়ার নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে চুয়েটের চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনে যুক্ত হন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির কারণে প্রায় তিন সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।