ইউরোপে বাংলাদেশিদের নতুন সুযোগ দক্ষ কর্মী নিয়োগে ইইউর আলোচনা
ইউরোপে কর্মসংস্থানের নতুন সুযোগ, মাহ্দী আমিনের সঙ্গে ইইউর বৈঠক
বাংলাদেশের কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ, বৈধ অভিবাসন সহজ করা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নেতৃত্ব দেন ইইউর অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।
বৈঠকে ভিসা জালিয়াতি রোধে শিক্ষাগত সনদ ও ব্যাংক স্টেটমেন্টের মতো আর্থিক নথিতে কিউআর কোড ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউরোপে দক্ষ কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ইইউ কমিশনার জানান, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। বৈধ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতা করতেও প্রস্তুত ইইউ।
অন্যদিকে মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিরাপদ, নিয়মতান্ত্রিক ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড চালুর বিষয়েও প্রতিনিধিদলকে অবহিত করা হয়।