ইটের গুঁড়া দিয়ে সার জব্দ ১১২৭ বস্তা উপকরণ

১১ অক্টোবর ২০২৬ - ১৩:৪৫ অপরাহ্ণ
 0
ইটের গুঁড়া দিয়ে সার জব্দ ১১২৭ বস্তা উপকরণ

ইটের গুঁড়া, ডিমের খোসা দিয়ে সার তৈরির অভিযোগ, জব্দ ১১২৭ বস্তা উপকরণ। রংপুরের পীরগঞ্জে সারের ব্যবসার আড়ালে ভেজাল সার তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ সময় কারখানা থেকে ১ হাজার ১২৭ বস্তা বিভিন্ন উপকরণ, খালি বস্তা ও নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়।
শনিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালশারডাড়ায় মেসার্স মোখলেছুর রহমান ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীউল বারীর নেতৃত্বে অভিযানে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
প্রশাসনের দাবি, গালামাল ও কীটনাশকের ব্যবসার আড়ালে প্রতিষ্ঠানটিতে ভেজাল টিএসপি, ডিএপি, পটাশ ও জিপসাম সার তৈরি করে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছিল। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত মোখলেছুর রহমান, তার ছেলে মায়বুল ইসলাম বাবুলসহ অন্যরা পালিয়ে যান বলে জানায় প্রশাসন। পরে তালা ভেঙে কারখানায় তল্লাশি চালানো হয়।
সেখানে ইটের গুঁড়া, মাটি, ডলোমাইট চুন, ডিমের খোসা, পাথুরে চুন ও ম্যাগনেসিয়ামসদৃশ উপাদানসহ ১৭ ধরনের উপকরণ পাওয়া যায়। এসব নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার ফল পাওয়ার পর উপকরণগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।