বন্দুকের মুখে হলিউড তারকা! ঘড়ি ছিনতাই, কপালে আঘাত!
বন্দুক-ছুরি ঠেকিয়ে হলিউড অভিনেতার ঘড়ি ছিনতাই, কপালে আঘাত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুক ও ছুরি দেখিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন হলিউড অভিনেতা কিগান অ্যালেন। জনপ্রিয় টিভি সিরিজ ‘প্রিটি লিটল লায়ার্স’-এর এই অভিনেতার কাছ থেকে অস্ত্রের মুখে ঘড়ি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ সময় বন্দুক দিয়ে তাঁর মুখে আঘাত করা হলে কপালে ক্ষত সৃষ্টি হয়।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ভয়াবহ এ ঘটনার বর্ণনা দেন ৩৭ বছর বয়সী কিগান অ্যালেন। তিনি জানান, একটি মুদি দোকানের বাইরে দুই তরুণ তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘড়ি ছিনিয়ে নেয়। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা।
ভিডিওতে কিগানকে আতঙ্কিত অবস্থায় ঘটনার বিবরণ দিতে দেখা যায়। তাঁর কপালেও আঘাতের চিহ্ন ছিল। পোস্টের সঙ্গে একটি নিরাপত্তা ক্যামেরার অস্পষ্ট ফুটেজও প্রকাশ করেন তিনি। সেখানে কালো পোশাক পরা দুজনকে অভিনেতার কাছাকাছি দেখা যায়।
এদিকে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের বিবৃতি অনুযায়ী, সন্দেহভাজন দুজনের একজন রুপালি রঙের বন্দুক তাক করে এবং অন্যজন ছুরি দেখিয়ে অভিনেতার ঘড়ি ও ব্রেসলেট দাবি করে।
একপর্যায়ে সন্দেহভাজনদের একজন বন্দুক দিয়ে কিগানের মুখে আঘাত করে। এতে তাঁর কপালে ক্ষত সৃষ্টি হয়। পরে তাঁর ঘড়ি নিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায় তারা। তবে পুলিশের বিবৃতিতে ভুক্তভোগীর নাম উল্লেখ করা হয়নি।
‘প্রিটি লিটল লায়ার্স’ সিরিজে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া কিগান অ্যালেনের সঙ্গে এমন ঘটনায় হলিউড অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।