স্বৈরাচার-গুপ্ত ফের এক ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
স্বৈরাচার-গুপ্ত ফের এক হয়ে ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়ে দেশে অরাজকতা তৈরির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি প্রদান এবং অসহায় মানুষের সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। যারা পরিকল্পিতভাবে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু। এদের ব্যাপারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, অতীতেও তারা বিভিন্ন সময়ে একসঙ্গে ছিল এবং সাম্প্রতিক নির্বাচনেও তলে তলে একসঙ্গে কাজ করেছে বলে তিনি মনে করেন। তাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশের সব সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে করা হবে। তবে রাস্তায় কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করে জনজীবন ব্যাহত করা কাম্য নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানি দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এসব জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে দেশে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন বলেও জানান তিনি।
এ সময় বিএনপির রাজনীতিকে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বন্ধ কলকারখানা চালু করা, খাল খনন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
পরশুরামে এক সমাবেশে প্রধানমন্ত্রী জানান, উপজেলার ৫০ শয্যার হাসপাতালটি দেড়শ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও আশ্বাস দেন তিনি।
এর আগে পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং বিভিন্ন সেচ অবকাঠামো নির্মাণ ও পুনর্বাসনের কাজ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে ফেনীর বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানি দেওয়ার কার্যক্রমও অনুষ্ঠিত হয়।