১৮ মাস পর জিমে রাকুল ভাইরাল ফিটনেস ভিডিও
১৮ মাস পর জিমে ফিরলেন রাকুল, ভাইরাল ফিটনেস ভিডিও
দেড় বছর আগে ডেডলিফট করতে গিয়ে ঘাড় ও পিঠে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিংহ। চোটের পর স্লিপ ডিস্কের সমস্যায় টানা ৪০ দিন শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে। দীর্ঘ ১৮ মাসের বিরতি শেষে আবারও জিমে ফিরেছেন এই অভিনেত্রী।
তবে এবার দ্রুত আগের ফিটনেসে ফেরার লক্ষ্য নয়, বরং ধীরে ধীরে শরীরকে ব্যায়ামের সঙ্গে মানিয়ে নিচ্ছেন রাকুল। সম্প্রতি নিজের ফিটনেসযাত্রার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, ভারী ব্যায়ামে যাওয়ার আগে যোগাসন ও স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীর গরম করে নিচ্ছেন রাকুল। এরপর সাপোর্ট বেল্ট ব্যবহার করে ভারোত্তোলন, রেজিস্ট্যান্স ব্যান্ড স্কোয়াট এবং বারবেল স্কোয়াটের মতো অনুশীলন করছেন তিনি।
রাকুল জানান, দীর্ঘ বিরতির পর তার শরীরের পেশিগুলো যেন আবার নতুন করে ব্যায়াম শিখছে। আগে যে ২০ কেজির কেটলবেল সহজেই তুলতে পারতেন, এখন সেটি তুলতেও কিছুটা ভয় লাগছে বলে জানান অভিনেত্রী।
চোটের পর শরীরচর্চায় ফেরার ক্ষেত্রে নিজের ওপর বাড়তি চাপ না দেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন রাকুল। তার মতে, শরীরকে পর্যাপ্ত সময় দেওয়া জরুরি। তাই প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য।
নিজের ভিডিওর ক্যাপশনে রাকুল লিখেছেন, শরীরকে পুরনো কাজগুলো নতুন করে শেখানোটা যেন একটা চাকরির মতো। কোনো দিন শরীর কথা শোনে, আবার কোনো দিন দ্বিধায় ফেলে দেয়। কখনো কখনো মনে করিয়ে দেয়, আসলে ক্ষমতাবান কে।
তিনি আরও জানান, প্রতিদিন জিমে আসা, কাজ করা এবং পরদিন আবার ফিরে আসাই এখন তার নিয়মিত লক্ষ্য।
১৮ মাস পর জিমে রাকুলের এই প্রত্যাবর্তন তাই শুধু ব্যায়ামে ফেরার গল্প নয়। গুরুতর চোটের পর নিজের শরীরের ওপর আবারও বিশ্বাস ফিরে পাওয়ার লড়াই এটি। আর সেই লড়াইয়ে দ্রুত নয়, বরং নিরাপদে এগিয়ে যাওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।