মরিয়মকে বারান্দাতেও ঘুমাতে হতো ন্যাম ভবনে

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৩৩ অপরাহ্ণ
 0
মরিয়মকে বারান্দাতেও ঘুমাতে হতো ন্যাম ভবনে

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দাতেও ঘুমাতে হতো, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য

ন্যাম ভবনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে শয়নকক্ষের পাশের বারান্দাতেও ঘুমাতে হতো বলে জানিয়েছে পুলিশ। দুই দফায় আট দিনের রিমান্ডে গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়া গেছে বলে আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

সোমবার দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিচয় ও পরে বিয়ে হয় গত জুনে। এরপর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও দ্বিতীয় স্ত্রী মরিয়মকে নিয়ে তিনি ন্যাম ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন।

আদালতের আবেদনে বলা হয়েছে, প্রথম স্ত্রীকে নিয়ে সেখানে থাকার সময় মরিয়ম মাঝে মাঝে নজরুলের শয়নকক্ষের পাশের বেলকনি বা বারান্দায় ঘুমাতেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে ২০ সেপ্টেম্বর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। রিমান্ডে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি মরিয়মের মৃত্যুর ঘটনার পেছনের কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।