দেশকে সঠিক পথে রাখতে সবাইকে কাজ করতে হবে

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২৮ অপরাহ্ণ
 0
দেশকে সঠিক পথে রাখতে সবাইকে কাজ করতে হবে

দেশকে সঠিক পথে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার

দেশকে উন্নত ও কার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় খাল পরিষ্কার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ সবার। তাই দেশকে সঠিক পথে রাখতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। শুধু সরকার নয়, আইনশৃঙ্খলা থেকে শুরু করে সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচির আগে ‘বিডি ক্লিন’-এর শতাধিক স্বেচ্ছাসেবককে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ পড়ান তিনি। পরে লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে স্বেচ্ছাসেবকরা খালে নেমে কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু ধর্মীয় মূল্যবোধের বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। অথচ মানুষের অসচেতনতার কারণেই অনেক জায়গায় পরিবেশ দূষিত হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত ও আবর্জনাজনিত রোগ বাড়ছে, যার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। তাই আগামী প্রজন্মকে সুস্থ রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ তৈরি করা সম্ভব।