ট্রাকের ধাক্কায় অটোরিকশা চূর্ণ নিহত ৩, আহত ৭

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫২ পূর্বাহ্ণ
 0
ট্রাকের ধাক্কায় অটোরিকশা চূর্ণ নিহত ৩, আহত ৭

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।