‘২ কোটি টাকা দেন’ সব সই করে দেব!
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’—পিডিবি প্রকৌশলীর ভিডিও ভাইরাল
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’—পিডিবির এক নির্বাহী প্রকৌশলীর এমন কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে কয়েকজনের কাছ থেকে নগদ টাকা নেওয়ার দৃশ্যও দেখা যাচ্ছে। তবে ভিডিওটি কবে এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও টাকা গ্রহণের প্রায় ৯ মিনিটের একটি ভিডিও রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একটি বিলের জন্য তিনি দুই কোটি টাকার কমে নড়বেন না। এমনকি পাঁচ কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগ তুলে সেখান থেকে দুই কোটি টাকা দিলে সব কাগজে স্বাক্ষর করে দেওয়ার কথাও বলতে শোনা যায়।
ভিডিওর আরেক অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে তাকে নগদ টাকা নিতে দেখা যায়। টাকা গণনার সময় এক লাখ ৩৫ হাজার টাকা দেওয়ার কথোপকথনও শোনা যায়।
তবে ভিডিওতে থাকা বক্তব্য ও অর্থ লেনদেনের দৃশ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি কতদিন আগের এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।