কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৫৪ পূর্বাহ্ণ
 0
কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে যৌথ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। পরে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।

গ্রেপ্তার তিনজন হলেন—দইহারা গ্রামের আলিপ হোসেন, সরজিনা আক্তার এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের এনামুল হক।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্র মূল্যবান কষ্টিপাথরের মূর্তি সীমান্তবর্তী এলাকায় পাচারের জন্য মজুত করেছে। পরে বিজিবি ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে দুটি মূর্তি উদ্ধার করে এবং তিনজনকে আটক করে।

উদ্ধার হওয়া মূর্তি দুটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোট মূর্তিটির ওজন প্রায় ১৬ কেজি ৮৭০ গ্রাম।

বিজিবি সদর দপ্তরের নির্ধারিত মূল্য অনুযায়ী, মূর্তি দুটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।