সিএনজি ভাড়া বাড়বে না রেলভাড়া নিয়েও মন্ত্রীর বার্তা
সিএনজি ও রেলভাড়া নিয়ে মন্ত্রীর স্পষ্ট বার্তা
জ্বালানি তেলের দাম বাড়লেও সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে রেলভাড়া না বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে নতুন লঞ্চভাড়া ঘোষণা করেন মন্ত্রী। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া গড়ে ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭২ পয়সা।
লঞ্চ মালিকদের পক্ষ থেকে আরও বেশি ভাড়া বাড়ানোর দাবি থাকলেও তা নাকচ করে ৭ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধিকে যৌক্তিক বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। সেই তুলনায় লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে কম।
সিএনজিচালিত যানবাহনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিএনজি গ্যাসের দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। পরিবহন মালিকরা যেন ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করতে না পারেন, সে জন্য সরকার নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে পরিবহনের ভাড়াও পুনর্নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না।
অন্যদিকে রেলভাড়া নিয়েও সাধারণ মানুষকে স্বস্তির বার্তা দিয়েছেন তিনি। মন্ত্রী জানান, গতবার রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবারও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনায় রেখে রেলভাড়া না বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।