বিদেশে কর্মসংস্থানে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ানোর উপায় ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আতিকুর রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরগুলো হলো— হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, উন্নত দেশের বিমানবন্দরগুলোর মতো এসব বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রচারণার সময় মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, সেই মন্দিরের সংস্কারকাজ আগামী শনিবার শুরু করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। শনিবার সকাল ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকার কথা রয়েছে।