‘এক চুলও ছাড় দেব না’ শত্রুকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘এক চুলও ছাড় দেব না’, শত্রুকে ইরানের হুঁশিয়ারি
শত্রুর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় তিনি বলেন, অতীতে ইরান-ইরাক যুদ্ধের সময় যেভাবে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, এবারও একইভাবে দৃঢ় অবস্থানে থাকবে ইরান।
রাষ্ট্রীয় গণমাধ্যম ও মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সুরক্ষায় প্রতিরোধ এবং অবিচলতার পথ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন আইআরজিসির এই কমান্ডার।
কারামি বলেন, শত্রুর সামনে এক চুলও ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ইরানি জনগণ ও ইসলামের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির শীর্ষ এই কমান্ডারের কাছ থেকে এমন কড়া বার্তা এলো।